ইতিহাসে মাত্র একবারই এসেছিল ‘৩০ ফেব্রুয়ারি'
আমরা জানি, লিপ ইয়ার হলে প্রতি চার বছর পর ফেব্রুয়ারির শেষে একদিন বাড়ানো হয়, অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি যুক্ত হয়। সাধারণভাবে এক বছর ৩৬৫ দিনের হলেও, লিপ ইয়ারে তা হয় ৩৬৬ দিন। ২০২৪ সাল ছিল এমনই একটি লিপ ইয়ার। কিন্তু জানেন কি? ইতিহাসে একবার এমন ঘটনাও ঘটেছিল, যখন ক্যালেন্ডারে ৩০ ফেব্রুয়ারি যুক্ত করতে হয়েছিল! সুইডেন ১৭১২ সালে একটি ডাবল লিপ ইয়ারের অংশ হিসেবে এই অনন্য সিদ্ধান্ত নিয়েছিল।
লিপ ইয়ার কেন প্রয়োজন?
ক্যালেন্ডারের অসঙ্গতি সমন্বয় করতেই লিপ ইয়ার যুক্ত করা হয়। প্রায় দুই সহস্রাব্দ আগে রোমান সম্রাট জুলিয়াস সিজার প্রথম এ বিষয়টি উপলব্ধি করেন। সৌর ক্যালেন্ডারের সঙ্গে বছর গণনার পার্থক্য বুঝতে পেরে তিনি আলেকজান্দ্রিয়ান জ্যোতির্বিজ্ঞানী সোসিজেনেসকে একটি সঠিক ক্যালেন্ডার তৈরির দায়িত্ব দেন। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে ঠিক ৩৬৫ দিন সময় নেয় না, বরং ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৫৬ সেকেন্ড সময় নেয়। এই অতিরিক্ত সময় হিসাব করেই প্রতি চার বছর পর একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে জুলিয়ান ক্যালেন্ডারের জন্ম হয়।
৩০ ফেব্রুয়ারির একমাত্র ব্যবহার
জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে ১৭০০ সাল একটি লিপ ইয়ার ছিল, কিন্তু সুইডেন সেই বছর ফেব্রুয়ারির দৈর্ঘ্য ২৮ দিন রাখে। একইভাবে, ১৭০৪ ও ১৭০৮ সালেও লিপ ইয়ার হওয়ার পরও তারা ২৯ ফেব্রুয়ারি যোগ করেনি। এতে সুইডেনের ক্যালেন্ডার জুলিয়ান বা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য হারায়। পরে সম্রাট দ্বাদশ চার্লস সিদ্ধান্ত নেন, ক্যালেন্ডারের এই বিভ্রান্তি দূর করতে ১৭১২ সালে অতিরিক্ত একটি দিন যুক্ত করা হবে। ফলে, ১৭১২ সালের ফেব্রুয়ারি মাসে ২৯ ফেব্রুয়ারির পাশাপাশি ৩০ ফেব্রুয়ারিও যুক্ত করা হয়।
এটাই ইতিহাসের একমাত্র উদাহরণ, যখন ক্যালেন্ডারে ৩০ ফেব্রুয়ারি ছিল। যদিও এটি একটি অস্থায়ী সমাধান ছিল, তবে ক্যালেন্ডার ইতিহাসে এটি এক অনন্য ঘটনা হয়ে আছে।
.jpg)
.jpg)
No comments